শেখ হাসিনার ৭৪তম জন্মদিন সোমবার, দেশব্যাপী উদযাপনের প্রস্তুতি - The News Lion

শেখ হাসিনার ৭৪তম জন্মদিন সোমবার, দেশব্যাপী উদযাপনের প্রস্তুতি




ঢাকা প্রতিনিধি : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন আগামীকাল সোমবার। উৎসবের আমেজে এ জন্মদিন উদযাপন করতে প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগ ও নেতাকর্মীরা। ২০০৯ সালে প্রধানমন্ত্রী হিসাবে ক্ষমতায় আসার পর করোনাভাইরাস মহামারির কারণে এবার প্রথমবারের মতো জন্মদিনে ঢাকায় থাকবেন তিনি। এর আগে, ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রতি বছরই নিউইয়র্ক শহর বা এর আশেপাশে জন্মদিন কাটিয়েছেন প্রধানমন্ত্রী। 


কারণ প্রতি বছর সেপ্টেম্বরে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ অধিবেশনের বার্ষিক সভায় অংশ নেন তিনি। তবে এ বছর করোনা মহামারির প্রেক্ষিতে জাতিসংঘের এ সভা বিশ্ব নেতাদের ভার্চুয়ালি যোগদানের মাধ্যমে বা তাদের আগে রেকর্ড করা বার্তা প্রেরণের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে। এজন্যই প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মদিনে এবার তাকে দেখা যাবে তার কাছের এবং প্রিয়জনদের মধ্যে।


 আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলোর পাশাপাশি দেশের বিভিন্ন সংগঠন ঢাকাসহ বিভিন্ন স্থানে গোল টেবিল বৈঠক, বর্ণাঢ্য র‌্যালি, সমাবেশ, এবং ছবি প্রদর্শনীসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে দলটির প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।


 আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও এই অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। এছাড়া সারা দেশের মসজিদ, মন্দির এবং গীর্জায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে। প্রধানমন্ত্রীর জন্য কেন্দ্রীয়ভাবে বায়তুল জামে মসজিদে একটি মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.